প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৫, ১:৫৬ পি.এম
মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক-২

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সীমান্ত পিলার ১১৭ থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) এবং একই এলাকার মৃত ঝন্টু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির কমান্ডার নায়েক মোঃ মাসুদ হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুথজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ কালামের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার (ওজন আনুমানিক ৭০৪ গ্রাম) পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।
ঘটনার পর বিজিবি সদস্য নায়েক মোঃ মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তারা সবসময় সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 আপডেট মেহেরপুর. All rights reserved.