
বাংলাদেশে দুই লাখ কোটি টাকার জাল নোট ঢুকছে : জুলকারনাইন সায়েরের অভিযোগ
সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেছেন, প্রায় দুই লাখ কোটি টাকার জাল নোট বাংলাদেশে প্রবেশ করছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
জুলকারনাইন সায়েরের ভাষ্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহায়তায় বিশেষ রুট ব্যবহার করে এসব জাল নোট দেশে ঢোকানো হচ্ছে। এ নোটের কাগজ, নিরাপত্তা সুতা ও হলোগ্রাম এতটাই নিখুঁতভাবে ছাপানো যে তা সাধারণ চোখে তো বটেই, ব্যাংকের নোট শনাক্তকরণ যন্ত্রেও ধরা কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও জানান, দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতেই বিশেষ ব্যবস্থায় এসব জাল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। পরে তা অত্যন্ত কম মূল্যে বাংলাদেশের জালনোট কারবারিদের কাছে সরবরাহ করছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার একটি অংশ।
সায়েরের দাবি, এই বিপুল পরিমাণ জাল মুদ্রা দেশে অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ চালানো এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
তবে তিনি স্বীকার করেন, সীমান্ত রক্ষী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে এ বিষয়ে অবগত রয়েছে এবং নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এই অপতৎপরতা প্রতিরোধে কাজ করছে। একইসঙ্গে সাধারণ নাগরিকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

খান মাহমুদ আল রাফি 












