
মেহেরপুরে অনলাইন জুয়াড়ি দেলোয়ার হোসেন দিপুসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে মুজিবনগর থানাধীন মেহেরপুর সদর-আটকবরগামী পাকা সড়কে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুরের পুলিশ সুপার।
প্রেস রিলিজ প্রাপ্তির পর সংবাদ প্রকাশের জন্য আটককৃতদের ছবি সংগ্রহ করতে চাইলে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয় গ্রেফতারকৃতদের ছবি প্রকাশ না করার ব্যাপারে আইনী বাধ্যবাধকতা রয়েছে, এজন্য আমরা ছবি দিচ্ছি না।
গ্রেফতারকৃতরা হলেন—মুজিবনগর উপজেলার টঙ্গী গোপালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন দিপু (৪০), সদর উপজেলার পিরোজপুর গ্রামের মো. সুমন আলী (৩৮) এবং মুজিবনগরের গোপালপুর (মাঝপাড়া) গ্রামের মো. সাকিবুল ইসলাম (২৩)।
অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে পাঁচটি মোবাইল ফোন, চারটি ব্যাংক কার্ড, দুটি পেনড্রাইভ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা অনলাইনে জুয়া খেলার প্ল্যাটফর্ম পরিচালনা করতেন এবং গ্রামের সহজ-সরল মানুষদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে জুয়ায় আসক্ত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
দেলোয়ার হোসেন দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। সুমন আলীর বিরুদ্ধেও মুজিবনগর থানায় একটি মামলা বিচারাধীন বলে জানা গেছে।
মেহেরপুরের পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের অধীনে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইন জুয়ার মতো অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

খান মাহমুদ আল রাফি 










