জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মেহেরপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (রাত) শহরের মল্লিকপাড়ায় যুবদল নেতা জাহিদুল ইসলাম শামীমের অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইসলাম আলী মাস্টারের চতুর্থ পুত্র ও যুবদল নেতা জাহিদুল ইসলাম শামীম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের একজন সাহসী, আপসহীন ও সংগ্রামী নেতা। তাঁর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য গভীর বেদনা ও ক্ষতির কারণ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনে, তাহলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সদস্য নাজমুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, জেলা নবীন দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম, যুবদল নেতা রিপন, স্বপন, সুমন, নাহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।