মেহেরপুর-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। দলীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্রগুলো জানায়, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রোমানা আহমেদ বলেন, দলের বৃহত্তর স্বার্থ এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার লক্ষ্যেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির চলমান আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে তিনি আগের মতোই সক্রিয় থাকবেন। দলের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রোমানা আহমেদের সরে দাঁড়ানোর ঘোষণায় মেহেরপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী মনে করছেন, তার এই সিদ্ধান্ত নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করবে এবং আসনটিতে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
রোমানা আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রগুলো জানায়, সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয়তা এবং দীর্ঘদিনের ত্যাগ তাকে স্থানীয় রাজনীতিতে একটি পরিচিত ও আলোচিত মুখে পরিণত করেছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর রোমানা আহমেদের পক্ষে একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে। এরপরই নারী প্রার্থী হিসেবে তিনি মেহেরপুর-১ আসনে আলোচনার কেন্দ্রে উঠে আসেন।
রোমানা আহমেদ জানান, দীর্ঘদিনের রাজনৈতিক পরিশ্রম ও সাংগঠনিক অবদানের যথাযথ মূল্যায়ন দল ভবিষ্যতে করবে, এমন প্রত্যাশা তার রয়েছে।