
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মেহেরপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’। সারাদেশব্যাপী গণভোট নিয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে ভোটের গাড়ি নামে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে কিছু সময়ের জন্য ক্যারাভানটি মেহেরপুর পৌর শহরের সামসুজ্জোহা পার্কে অবস্থান করে। এ সময় ভোট ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুন এ জান্নাত, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল উদ্দেশ্য। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সুপার ক্যারাভান’ এর মাধ্যমে জেলায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। জাতীয় নির্বাচন ও আসন্ন গণভোট সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সুপার ক্যারাভান’ নামে ১০টি গাড়ির বহর নিয়ে গত ২২ ডিসেম্বর এই প্রচারণা যাত্রা শুরু হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভোটের গাড়ির মাধ্যমে শহর ও বিভিন্ন এলাকায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এসব প্রদর্শনীর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে সংস্কার বিষয়ে তথ্যভিত্তিক চিত্র।’

খান মাহমুদ আল রাফি 









