
মেহেরপুরে মাদকবিরোধী কঠোর অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশের ওসি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর থানার সোনাপুর এলাকায় ডিবির একটি বিশেষ দল সাঁড়াশি অভিযান চালায়। সোনাপুরের মো. নুর ইসলামের চায়ের দোকানের সামনে সোনাপুর থেকে মাঝপাড়া গামী পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে এ সময় মো. শফিকুল ইসলাম (৩৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম মুজিবনগর থানার মাঝেরপাড়া (পুশকোনীপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আইয়ুব আলী এবং মাতার নাম মোছা. নুছিয়া খাতুন।
জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুরের অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক পরিবহন, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতেই আমাদের নিয়মিত অভিযান চলছে।’
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত মাদকসহ মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীমান্তঘেঁষা এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।

খান মাহমুদ আল রাফি 









