সংবাদ শিরোনাম ::
মেহেরপুরে যৌথ অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৭
খান মাহমুদ আল রাফি
- আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২১ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পাঁচটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানের নেতৃত্বে গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ শিপন (৪৫), মোছাঃ তানজিলা খাতুন (৪৭), মোঃ ফজল (৬৫), মোঃ রানা (২২), মোঃ জাহিদ হাসান (২৮), মোঃ হাবিবুল ইসলাম (৩৬) এবং মোঃ শাহিন আলম (৫০)। তাদের মধ্যে কেউ মেহেরপুরের গাংনী উপজেলার এবং কেউ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
প্রেস রিলেজে মেহেরপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।










